ঈগলস্ ড্যান্স কোম্পানির কোরিওগ্রাফি এবং সার্বিক তত্ত্বাবধানে কানাডা মাতাবেন বাংলাদেশের শিল্পীরা।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বাংলাদেশ স্টার এওয়ার্ড কানাডা'। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ পারফর্মেন্স এর ভিত্তিতে শিল্পীদের এই পুরস্কার দেয়া হবে। কানাডার মন্ট্রিলে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এওয়ার্ড অনুষ্ঠান।
এ উপলক্ষে গতকাল (১৭ই আগষ্ট) ঢাকার গুলশানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং, সেক্রেটারি নিপুণ আক্তার, চিত্র নায়ক আরেফিন শুভ, চিত্র নায়িকা অপু বিশ্বাস, তমা মির্জা,কন্ঠ শিল্পী প্রতীক হাসান এবং অবন্তী সিঁথি প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পীদের নাচের কোরিওগ্রাফি করছে ঈগলস্ ড্যান্স কোম্পানি। এ প্রসঙ্গে ঈগলস্ এর মুখপাত্র লামিয়া আলম জানান, বরাবরের মতো এবারও নতুন করে আমাদের জন্যে সুযোগ হয়েছে কানাডায় প্রবাসী এবং স্থায়ী বাসিন্দাদের সামনে নতুন কিছু কাজ তুলে ধরার এবং আমরা আশাবাদী সকলের আমাদের কোরিওগ্রাফি ভালো লাগবে। প্রসঙ্গত ঈগলস্ ড্যান্স কোম্পানি লন্ডন, কাতার, সিঙ্গাপুর, মালেশিয়া এবং থাইল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির হয়ে বিভিন্ন আয়োজনে কোরিওগ্রাফি করেছে।
এওয়ার্ড অনুষ্ঠান প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, প্রথমবারের মতো কানাডায় বাংলাদেশী শিল্পীদের সম্মানিত করা হবে। শিল্পীদের কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের উদ্যোগ সবসময় প্রশংসনীয়। আশা করছি আয়োজকরা কাজটা ঠিকমতো সম্পন্ন করতে পারবেন এবং যোগ্য শিল্পীদের হাতে পুরষ্কার উঠবে।
বাংলাদেশ স্টার এওয়ার্ড কানাডার প্রধান আয়োজক তানভীর আহমেদ এবং মালা খন্দকার। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তারা জানান; চলচ্চিত্র, সঙ্গীত এবং নাট্যঙ্গনের মোট ১২টি ক্যাটাগরিতে এই পুরষ্কার দেয়া হবে। এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবে ইক্তারুল অনি, শান্তা জাহান এবং ইফতি আহমেদ।